সিলেট বিভাগে ২৪ ঘন্টার ব্যবধানে একদিনে ৮ শিশুসহ ১৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭ শিশুসহ ১০ জন, মৌলভীবাজার জেলায় ৩ জন ও সুনামগঞ্জে ১ শিশু রয়েছেন।
এদিকে একদিনের ব্যবধানে ১৪টি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পৃথক ঘটনায় সিলেট জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় দুই ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো দুই শিশু মারা যায়।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৫ মাস বয়সী শিশু রাইসা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ও ৬ বছর বয়সী আলী আফসান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা।
এছাড়া শামসুদ্দিন হাসপাতালে মারা যাওয়া ১০ মাস বয়সী মুসলিমা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ও ১ বছর ২ মাস বয়সী রাশেদ আহমদ সিলেট সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার ভোরে সদর উপজেলায় মা কর্তৃক গলা কেটে পৌনে ২ বছরের এক কন্যা শিশু খুনের ঘটনা ঘটে।
এদিন ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম তোহা। সে স্থানীয় আমীর আলীর মেয়ে। এই ঘটনার শিশুটির মা সুবেনা বেগমকে আটক করা হয়েছে।
একই দিন বেলা ১২টার দিকে মাদকসেবী ও ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন র্যাব সদস্য নিহত হন। নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য্য। এই ঘটনায় জড়িত ঘাতক আসাদুল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো শিখারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) এবং কবির আহমেদের মেয়ে রাফা (৬)।
একই দিন বিকেল ৩টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কোম্পানীগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগাইল গ্রামের প্রতিপক্ষের হামলায় গৌরীনগর গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৪০) গুরুতর আহত হন। পরে শুক্রবার বিকেল ৩টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু খবর খবর ছড়িয়ে পড়ে।
আবুল হোসেন গৌরীনগরের আকরম আলীর ছেলে। এরপর থেকে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোলাপগঞ্জে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের নয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
মৌলভীবাজার
এদিকে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৃথক সময়ে মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জন মারা যান।
রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহতের নাম তালেব মিয়া (৪০)। তিনি ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া অন্য ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।
একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে হালিমা (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ
অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়। ৪ বছর ২ মাস বয়সী শিশু শামিমা আক্তার সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
এদিকে হামসহ নানা দুর্ঘটনায় আট শিশুর মৃত্যুতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বিশেষ করে মায়ের হাতে কন্যা শিশু খুন ও ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য খুনের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে।



