মাদক নির্মূলে পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে : এমপি মাসুদ সাঈদী

মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের সরবরাহ বন্ধ করার পাশাপাশি এর চাহিদাও কমাতে হবে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
মাদকবিরোধী আলোচনা সভা
মাদকবিরোধী আলোচনা সভা |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুর টাউন ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের সরবরাহ বন্ধ করার পাশাপাশি এর চাহিদাও কমাতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং আইনের কঠোর প্রয়োগের সমন্বয় ঘটাতে পারলেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।