যশোরের প্রধান ডাকঘর থেকে রবিউল নামে এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) সকালে পেছনের একটি নির্মাণাধীন ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
রবিউলের শ্যালক শামীম জানান, তার ভগ্নিপতি মাগুরা থেকে মাস দুয়েক আগে বদলি হয়ে যশোরে আসেন। এক মেয়ে, এক ছেলেকে নিয়ে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমন ঘটনা হয়েছে তারা বুঝতে পারছেন না।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, ‘রবিউল তাদের নাইট গার্ড ছিলেন। রাতে তিনি ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের লাশ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় দড়ি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ঝুলে আত্মহত্যা করেছেন। ওই দড়ি চিকন হওয়ায় ছিড়ে পড়ে গেছেন। এতে তার মাথাও ফেটে গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, এ বিষয়ে পুলিশ খোঁজ নেয়া হচ্ছে। ওই প্রতিষ্ঠানের একাধিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



