ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত নির্বাচনী সীমানা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
জারি করা প্রজ্ঞাপনে সিলেট-১ নির্বাচনী এলাকায় সিলেট মহানগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সীমানা নির্ধারণের খসড়ায় এই তিন ওয়ার্ডকে সিলেট-৩-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে প্রবল আন্দোলনে নামেন এই তিন ওয়ার্ডের জনসাধারণ। এরপর গত ৮ আগস্ট এলাকাবাসী নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জানান, যার শুনানি হয় ২৭ আগস্ট।
এদিকে প্রজ্ঞাপনে সিলেট সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডকে সিলেট-৩ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আসনে সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে নতুন সীমানা অনুযায়ী, গাজীপুরে একটি আসন বৃদ্ধি পেয়ে মোট ছয়টি করা হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়। এর আগে নির্বাচনের প্রস্তুতিতে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করেছিল। ৩০ জুলাই ৩০০ আসনের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ নির্বাচনের জন্য সিলেট-১ সহ ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করা হয়।
নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এরপর ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানির মাধ্যমে সকল আপত্তি ও পরামর্শ যাচাই করা হয়।
ইসি সচিব জানান, সর্বমোট ১,৮৯৩টি আপত্তি ও সুপারিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ ছিল। উভয় পক্ষের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে। এভাবে চূড়ান্তভাবে নির্ধারিত নির্বাচনী সীমানা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
জেলা বারের সিনিয়র আইনজীবী, ২৫নং ওয়ার্ডের বাসিন্দা, আপত্তিকারীদের পক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট তাজ উদ্দিন দৈনিক নয়া দিগন্তকে বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সুবিচার নিশ্চিতের পাশাপাশি এলাকাবাসীর জয় হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট। এজন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।



