মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নামও রয়েছে।
রোববার (১৭ আগস্ট) সিরাজদিখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, গত শুক্রবার থানার এসআই হাফিজুর রহমান মামলাটি দায়ের করেন। এতে নাম উল্লেখ করা হয়েছে ২৫ জনের এবং অজ্ঞাত আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাপুরা ও কাঠালতলী গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার ও শাহ আলম ঢালীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাসের কয়েকটি বই এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার উদ্ধার করা হয়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেয়াইন ইউপি চেয়ারম্যান শেখ আশরাফ আলী, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, লতন্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, ইছাপুরা ইউপির সাবেক চেয়ারম্যান মতিন হাওলাদার, শ্রীনগরের ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল হকসহ উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।
ওসি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরহুম চেয়ারম্যান আব্দুল লতিফ হাওলাদারের বাড়ির উঠানে ছাত্রলীগের একাংশ গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
তিনি আরো জানান, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। পরে এ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে মামলা দায়ের করা হয়। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



