ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ

ভারতে নির্বাচন-পরবর্তী মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত নির্যাতন ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ |নয়া দিগন্ত

ভারতে নির্বাচন-পরবর্তী মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত নির্যাতন ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বাদ আসর দাগনভূঞার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় জিরো পয়েন্টে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতী ইউসুফ কাছেমীর সভাপতিত্বে এবং মাওলানা মহিউদ্দীন ইউসুফের সঞ্চালনায় সমাবেশে উপজেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আল্লামা মুফতি ইউসুফ কাছেমী বলেন, ‘সাম্প্রতিক ভারতে নির্বাচন-পরবর্তী সময়ে মুসলমানদের ওপর যেভাবে বর্বরোচিত নির্যাতন ও আক্রমণ চালানো হচ্ছে, তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সহ্য করতে পারে না। মুসলমানদের শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দিয়ে মন্দির ঘোষণা করা হচ্ছে এবং কোরবানির মতো ধর্মীয় আবশ্যিক বিধানে নানামুখী বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকি দেয়া হচ্ছে।’

তিনি অবিলম্বে এসব নির্যাতন বন্ধের জোর দাবি জানিয়ে বলেন, ‘ভারত সরকার যদি এটি বন্ধ না করে, তবে বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

সমাবেশে বক্তারা ভারতের পশ্চিমবঙ্গের সরকারদলের নেতা শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘তার এই উস্কানির কারণে ভারতে হাজার বছর ধরে বসবাসকারী হিন্দু-মুসলিম সম্প্রীতির সম্পর্কে ফাটল ধরছে। একই সাথে তিনি বাংলাদেশের বিরুদ্ধেও নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে দ্রুত সংযত না করলে বাংলাদেশের মানুষও বসে থাকবে না। কারণ, আমরা আমাদের দেশকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।’

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা সাঈদুর রহমান (কৌশল্যা ইসলামিয়া মাদরাসা), মাওলানা শিহাব উদ্দিন (ইমাম, উপজেলা জামে মসজিদ), মাওলানা জালালুদ্দিন ফারুক (এনায়েতপুর নূরুল উলূম মাদরাসা), মাওলানা আব্দুর রহীম (খতীব, সিলোনিয়া केंद्रीय জামে মসজিদ), মাওলানা ডা: আব্দুল মতিন (ছুফি ছদর উদ্দিন মাদরাসা), মাওলানা ইসমাইল (রামনগর দারুস সুন্নাহ মাদরাসা), মুফতি কামরুল হাসান (তালতলী দারুল উলূম মাদরাসা), মাওলানা আতিকুল্লাহ আল মামুন (দারুল কুরআন মাদরাসা), মুফতি আতাউল্লাহ সিরাজী (বেকেরবাজার জমিরিয়া মাদরাসা), মাওলানা হেদায়েত উল্লাহ (ব্যবসায়ী, দাগনভূঞা বাজার), মাওলানা জালালুদ্দিন (অলাতলী মাদরাসা) প্রমুখ।

সমাবেশে দাগনভূঞা উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষ অংশ নিয়ে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।