সিলেট সিটি করপোরেশনের ভবন থেকে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক প্লাটফর্ম খ্যাত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে সিসিকের নিজস্ব ভবন সারদা হলে গিয়ে বিক্ষুব্ধ জাসাস নেতাকর্মীরা সাইনবোর্ড খুলে ফেলেন।
এসময় তারা বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুলাই আন্দোলন চলাকালে সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে গণগহত্যাকে উস্কে দিয়েছে। এই ধরনের কালচারাল ফ্যাসিস্টরা সরকারি ভবনে অফিস খোলার দুঃসাহস দেখিয়েছে। জাতীয়তাবাদী আদর্শের সাংস্কৃতিক যোদ্ধারা ফ্যাসিস্টদের সাইনবোর্ড খুলে দিয়েছে। গণহত্যার উস্কানীদাতা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোনো কার্যক্রম সরকারি ভবনে দূরে থাক, সিলেটের কোথাও হতে দেয়া হবে না। কারণ তারা পতিত ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত সকলেই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, জাসাসের যুগ্ম আহ্বায়ক ও কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমেদ সাজু, জাসাসের যুগ্ম আহ্বায়ক সিএম আরিফ আব্দুল্লাহ, নাহিদ আহমেদ, অভিনেতা শিপলু রাহাত, জাসাস নেতা সাজন আহমেদ ও এমদাদ প্রমুখ।



