সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত নগরীর চৌহাট্টা পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা চৌহাট্টা থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চৌহাট্টায় এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনকারীরা ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা পরিকল্পিত এবং এর পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার না করলে আন্দোলন আরো জোরদার করা হবে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।
এদিকে বিক্ষোভ চলাকালে চৌহাট্টা এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।



