ঈদে বিলবোর্ড-ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান সিসিক প্রশাসকের

‘সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগর। এই নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে তুলি।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী |ছবি : নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিক প্রশাসক বলেন, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এতে নগরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন ঘটে এবং অনেক সময় পথচারীদের চলাচলেও সমস্যা সৃষ্টি হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। নগরের যেখানে-সেখানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড লাগালে শহরের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক।

তিনি বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয়—এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগর। এই নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে তুলি।