জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে চড়থাপ্পড় ও চেয়ার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে।
মারধরের বিষয়ে ভুক্তভোগী কর্মচারী নিজেই প্রতিবেদকের কাছে বর্ণনা দিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে চেয়ার দিয়ে মারধর ও চড়থাপ্পড়-লাথি মারেন জবি ছাত্রদল নেতা জাফর আহমেদ।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ‘ভিসি ভবন থেকে শান্ত চত্বরে তাকিয়ে দেখি জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর ভাই ক্যাম্পাসের কর্মচারী নিজাম ভাইকে ইচ্ছেমতো চড়থাপ্পড় ও চেয়ার দিয়ে মারছেন। তারপর আবার দেখি প্রক্টর অফিসের সামনে হইচই। নিজাম ভাইকে ধরে এনে ভিসি ভবনের মধ্যে ঢুকানো হলো এবং অনেকক্ষণ তর্ক-বিতর্ক দেখলাম। ছাত্রদলের আহ্বায়ক হিমেল ভাই নিজেদের সমস্যা বলায় আমরা সেটা থেকে দূরে থাকি।’
এ ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মো: নেজাম উদ্দিন বলেন, ‘গতকাল মঙ্গলবার গণিত বিভাগের সামনে চড়থাপ্পড় ও লাথি দিতে থাকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। শহীদ মিনারের সামনে রাখা প্লাস্টিকের চেয়ার দিয়ে আমাকে মারধর করে। এ সময় হিমেল ভাইও উপস্থিত ছিল। মারতে মারতে চেয়ার ভাইঙ্গা ফেলাইলো। ভাস্কর্য চত্বরের সামনে এলে আবার পেটে লাথি মারে। আল্লাহর কাছে বিচার দিছি। আপনারা আমাগো মারেন, আমরা তো আর আপনাগো মারতে পারমু না। আমগো গরীবের বিচার করবে আল্লাহ।
আমি নাকি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছি, আমি নাকি আওয়ামী লীগের দোসর। আমাকে বলে, তুই ক্যাম্পাসে ঢুকতে পারবি না। আমার চাকরির বয়সই ৪০ বছর। ওর বয়সই ৪০ বছর হয়নি। আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। যে দায়িত্বে আসবে, তাদের অধীনে আমাদের কাজ করতে হয়।’
নিজাম উদ্দিন আরো বলেন, ‘এর এক সপ্তাহ আগে জাফর আমাকে ফোন দিয়ে রায়সাহেব বাজারে দেখা করতে বলে। আমি সমিতির অফিসে এসে দেখা করতে বলাতেও অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। পরের দিন সমিতির রুমে এসে আমাকে ঘিরে ধরে গালাগাল করতে থাকে। আমাকে বলে ক্যাস্পাসে না আসতে। আমার এক মেয়ে কলেজে পড়ে, আরেক ছেলে জগন্নাথে ভর্তি পরীক্ষা দিছে। এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে মার খেতে হলো।’
এ বিষয়ে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, ‘নতুন ভিসি দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এই ঘটনা ঘটলো। জগন্নাথের ইতিহাসে এভাবে কর্মচারীকে মারধর করার ঘটনা আর ঘটেনাই। অফিস খুললে বিষয়টি আমরা ভিসিকে অবহিত করব।’
অভিযুক্ত জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।



