চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত

দুপুরে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্তে বৈঠক
ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্তে বৈঠক |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড পেতে হলে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

তিনি আরো বলেন, ‘আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। জেলার ২২টি পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিক্রি চলবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা পাওয়া যাবে।

এদিকে, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, ৩০ মার্চ থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযান যাত্রীর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।