পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন।’
তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরো কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।’
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত।’
তিনি বলেন, ‘গত ১৭ বছর এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে তৃণমূল পর্যায়ে, গ্রামীণ এলাকায় আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। বিএনপি নির্বাচিত হয়েছে মাত্র দুই মাস। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নেই। চেয়ারম্যান-মেম্বার যারাই আছেন, অনেকে পলাতক আবার অনেকে দীর্ঘদিন হয়েছে কাজ করার সুযোগ নেই। ডিপার্টমেন্টসহ সবাই মিলে তাদের সহযোগিতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুই-তিনজন করে প্রার্থী হলে কিন্তু নির্বাচিত হতে পারবেন না। এটি দলের জন্য ভালো হবে না। সুতরাং সে বিষয় এখন থেকে মাথায় রাখতে হবে।’
তিনি বলেন, ‘যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি নির্বাচনের সাথে আমার-আপনার সকলের ভাগ্য জড়িত।’
তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধি যদি ভালো হয় সমাজব্যবস্থাও ভালো হবে। ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাব। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
এর আগে, মন্ত্রী দিঘলী ওয়াপদা খাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অত্র মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।



