লালমনিরহাট শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে ঢাকাগামী একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ মার্চ) জেলা শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী তিশা পরিবহন একটি বাসের সাথে বিপরীতমুখী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৮ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ ও বিজিবি সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসার পর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের রংপুরে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশ লাইনে নেয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অটোটি থানায় জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।



