ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে অন্বেষা বিদ্যাপীঠ, জিপিএ-৫ এ এগিয়ে সাবেরা

পাসের হারে এগিয়ে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ)। আর জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় জেলার শীর্ষে রয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ)। আর জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় জেলার শীর্ষে রয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অন্বেষা বিদ্যাপীঠের ১৩ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। অন্যদিকে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন, যা জেলার কোনো বিদ্যালয় থেকে সর্বোচ্চ।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফলাফল প্রকাশ করছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭২২ জন এবং অকৃতকার্য হয়েছে সাত হাজার ৮১২ জন। জেলায় মোট পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৯৯ জন।

এ বছর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৯ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ১২০ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪০২ জন।

দাখিল পরীক্ষায় চার হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই হাজার ৭৩৪ জন। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। আর ভোকেশনাল পরীক্ষায় এক হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬৮ জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দেখা গেছে, শহরের অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ) থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জনের সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।

জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে থাকা সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩১৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।

এ ছাড়া উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৮ জনের মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২৮১ জনের মধ্যে পাস করেছে ২৭৫ জন ও পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন।

গৌতমপাড়া ঘাটুরা উচ্চবিদ্যালয় থেকে ৪১ জনের মধ্যে ৪০ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে দুইজন। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০৩ জনের মধ্যে ১৯৭ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৬৪ জনের মধ্যে ৬২ জন পাস করেছে যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। গভর্নর মডেল গার্লস হাই স্কুল থেকে ১৫৯ জনের মধ্যে ১৫২ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২ জনের মধ্যে ২১ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে আটজন। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৬ জনের মধ্যে ৮২ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১১ জন।