পুঠিয়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ২

ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। আহতদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Location :

Rajshahi
রাজশাগীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর
রাজশাগীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে পুঠিয়ার বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনপি কর্মী ‌খোরশেদ ও জয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল ওয়াহেদ এবং বেলপুকুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনের মধ্যে বাঁশপুকুরিয়া দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে বাঁশপুকুরিয়া বাজারে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা মমিনের ভাতিজা খোরশেদ ও জয় বাজারে আসলে আব্দুল ওয়াহেদ মেম্বার, তার বড় ভাই আবু সাঈদ, ছেলে সোহানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে খোরশেদ ও জয়ের মাথায় গুরুতর আঘাত লাগে।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মমিন সমর্থকরা ক্ষুব্ধ হয়ে বাজারে চড়াও হন। তারা আব্দুল ওয়াহেদ মেম্বারকে না পেয়ে তার ভাতিজা আনিসুর রহমানের কীটনাশকের দোকানে ভাঙচুর চালায়। এ সময় ওয়াহেদ মেম্বারের দলীয় কার্যালয়ে থাকা একটি ক্যারাম বোর্ড রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরজুন জানান, ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। আহতদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।