গত বুধবার থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় জান্তা বাহিনীর বিমান হামলার জেরে সীমান্তবর্তী টেকনাফে আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে সীমান্ত এলাকা।
পরিস্থিতি বিবেচনায় টেকনাফের নাফ নদীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৌ-টহল আরো জোরদার করা হয়েছে। একইসাথে ড্রোনের মাধ্যমে সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অতিক্রমের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনাফ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বাংলাদেশ অংশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা আতঙ্কের কারণ নেই। বিজিবি, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পুরো সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের গুজবে কান না দিয়ে শুধুমাত্র প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।



