‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এ প্রতিপাদ্যে নানান কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসন সুনামগঞ্জ ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সুনামগঞ্জের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে ও পিটিআই ইন্সপেক্টর মোরশেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, লেট আস লার্ন প্রকল্প পরিচালক হিমাদ্রি প্রসাদ মিস্ত্রী প্রমুখ।
এদিকে, জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বেলা ১১টায় র্যালি-পরবর্তী পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার।
সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগার আলী, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ আ: মালিক, যুগ্ম আহ্বায়ক-২ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক মো: শাহীন আলম প্রমুখ।
বক্তারা বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।’
সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



