নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল (৪৭) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে ডিবি পুলিশ। সেইসাথে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়।
রোববার (৩ মে) রাতে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হয়। গত রাতে স্ত্রী-ছেলের সাথে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর তিনি পৃথক ঘরে ঘুমাতে যান।
নাটোর ডিবির ওসি নজরুল ইসলাম বলেন, নিহত রফিকুল ইসলাম মাদক সেবন করত। মা-ছেলে নিষেধ করলে রফিকুল তাদের মারধর করত। এরই জেরে মা-ছেলে দু’জনে রাতের কোনো এক সময় দা দিয়ে গলাকেটে রফিকুলকে হত্যা করে। মা ও ছেলে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


