মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকা থেকে দুই আসামিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) ও একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ, প্রায় ২৬ দিন আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা এবং আলামত নষ্ট করার অভিযোগ ওঠে ইউপি সদস্য আব্দুল মুমিনের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শনিবার রাতে থানায় মামলা করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলার পর রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



