শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হিফজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার অস্থায়ী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় হিফজ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এ কোরআন বিতরণ করা হয়।
শাহরাস্তি পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্য, শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো: শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মো: শাহ আলম বলেন, ‘পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনই মুসলিম উম্মাহর প্রধান দায়িত্ব।’
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা কামাল।
প্রধান বক্তা বলেন, ‘হিফজ শিক্ষার্থীরা কোরআনের বাহক। তাদের যথাযথ সম্মান ও সহযোগিতা করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহবুব আলম ও সাহিত্য মিডিয়া সম্পাদক আক্তার হোসেন শিহাব, শাহরাস্তি উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ শাহজালাল, মাওলানা আব্দুল ওয়াদুদ খান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং প্রায় শতাধিক হিফজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।



