নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে ক্ষেত পরিচর্যা করতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
প্রতীকী ছবি

নওগাঁয় ক্ষেতে কাজ করতে গিয়ে পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে ক্ষেত পরিচর্যা করতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার লাশ বাড়িতে নিয়ে যায়।

ধামইরহাট অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অপরদিকে, মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হন। এসময় তার সাথে থাকা আর একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।