বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির নিজে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেও সরকারের মন্ত্রীদের দেখা যায় না। জামায়াত প্রতিষ্ঠাকাল থেকে মানুষের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবখানে ছুটে যায়।
শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মাঠে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণ জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তিনি রাষ্ট্রীয় সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেই জামায়াতের প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে চার দফা কর্মসূচি নিয়ে দলটি কার্যক্রম চালিয়ে আসছে। এ চার দফার অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা।
ড. হেলাল বলেন, সমাজের মানুষের প্রয়োজনে দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াত ব্যাপকভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গণমানুষের স্বাস্থ্য সেবায় মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
তিনি বলেন, জামায়াত কেবল ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে না, বরং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম দলের কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে পরিচালিত হয়। আগামীতে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই শহীদদের রক্তের ওপর ভিত্তি করে বর্তমান সরকার ক্ষমতায় আসলেও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন নেই। তিনি বিটিভি, রেডিওসহ রাষ্ট্রীয় সব প্রচারমাধ্যমে চব্বিশের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী সরকার ও তাদের দলের গণহত্যার চিত্র তুলে ধরতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মু’তাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে ডা: তোফাজ্জল হোসেন, মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ালীউল্লাহসহ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যগণ এবং বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



