চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিন (১৬) নামে এক কিশোরকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে শহরের যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন যমুনা রোড এলাকার ইলিয়াসের ছেলে।
স্থানীয়রা জানায়, ২০ টাকার জাম খাওয়া নিয়ে ইয়াসিনের সাথে একই এলাকার সাদেক প্রধানীয়ার ছেলে মুসা প্রধানীয়ার (১৭) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা প্রধানীয়া জিআই পাইপ দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করলে সে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেয়ার পথে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে ইয়াসিনের মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে চাঁদপুরে ফিরে যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আসিবুল হাসান বলেন, ইয়াসিন নামে আহত কিশোরের মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, শহরের বড় স্টেশন যমুনা রোডে সংঘর্ষে ইলিয়াসের ছেলে ইয়াসিন নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের ফোর্স গেছে। অভিযুক্ত আসামিকে আটকের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।



