সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে সঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ মহড়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় হেলাল আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই তানজির হোসাইনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হেলাল আহমদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (খাসিয়াবাড়ি) সীমান্ত এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হেলাল আহমদের ভাই সুজন মিয়া সম্প্রতি তার ফেসবুকে সীমান্ত এলাকায় অস্ত্রসহ মহড়া দেয়ার একটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সাথে অস্ত্র নিয়ে মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ভারতীয় নাগরিক ছাড়াও জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার তিন যুবককে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
পরে বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশের নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে সুজন মিয়ার ছোট ভাই হেলাল আহমদকে আটক করে।



