নলডাঙ্গার পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা

কৃষকরা মনে করেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে কৃষক পেঁয়াজের ভালো দাম পেত।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
পেঁয়াজে নেই ন্যায্য মূল্য
পেঁয়াজে নেই ন্যায্য মূল্য |নয়া দিগন্ত

নাটোর-নলডাঙ্গা উপজেলার কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছেন না। নলডাঙ্গা উপজেলার বিভিন্ন হাটে পাইকারী প্রতি মণ পেঁয়াজ ৭০০ থেকে ৮০০টাকা দরে বিক্রয় হচ্ছে। এই দরে পেঁয়াজ বিক্রয় করে কৃষকদের উৎপাদন খরচের টাকা উঠছে না। ফলে দুশ্চিন্তায় পড়েন উপজেলার সাধারণ কৃষকরা। পেঁয়াজ চাষ করে লাভ তো দুরের কথা উৎপাদন খরচ তোলা নিয়ে হিমশিম খাচ্ছেন কৃষকরা। পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি পেঁয়াজ চাষিদের। পেঁয়াজ মৌসুমে সঠিক দাম না পাওয়ার জন্য ভারত থেকে আমদানি করাকে দুষছেন কৃষকরা।

তারা বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে কৃষক পেঁয়াজের ভালো দাম পেত।’

উপজেলার মাধবপুর গ্রামের কৃষক মো: সাইদুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের ফলন ভালো হয়েছে তবে যে দাম তাতে খরচের টাকাই উঠছে না। প্রতি মণ ১৫০০ টাকা খরচ পড়েছে। আমরা ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করছি। আমরা তো অর্ধেক দামও পাচ্ছি না।’

উপজেলার শেখপাড়া গ্রামের আরেক কৃষক বিমল কুমার বলেন, ‘এক বিঘা জমি ৪০ হাজার টাকা দিয়ে বর্গা নিয়েছি। তিন হাজার টাকা মণ বীজ কিনেছি। এ ছাড়াও সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এই দামে পেঁয়াজ বিক্রয় করে খরচের টাকা উঠছে না।’

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: সবুজ আলী বলেন, ‘কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্য মূল্য পায় এ বিষয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’