সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগস্টের পর সাদাপাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সকালে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।
সাদাপাথর লুটের ঘটনার পর এ প্রথম কাউকে গ্রেফতার দেখাল পুলিশ। আরো অনেকেই গ্রেফতারের সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেফতার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় তিনি বহিষ্কৃত হন।



