নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে তারা।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল তার দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বড় ছুরি দেখিয়ে তার স্ত্রী ও দুই মেয়েকে ভয় দেখায়। এ সময় প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা এবং অন্য মূল্যবান জিনিসপত্র লুট করে। পুরো ঘটনা ঘটে খুব অল্প সময়ের মধ্যে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



