ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা মাদরাসা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।
ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো: কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো: শহিদুল ইসলাম খান বাবুল, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের।
প্রকল্পের আওতায় শরিফাবাদ হ্যালন ফকিরের বাড়ি সংলগ্ন খাল খারদিয়া হয়ে শাহাজান শেখের বাড়ি অতিক্রম করে কুমার নদ পর্যন্ত এবং ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা থেকে মক্রমপুটি পর্যন্ত খাল পুনঃখনন করা হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল খননে জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত আন্তরিক ও দূরদর্শী নেতা। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন।’
তিনি আরো বলেন, ‘কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



