জামায়াত আমির

জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না

ডা. শফিকুর রহমান বলেন, ‘সাবধান, এখানেই স্টপ। সামনে আর পা বাড়াবেন না। কারো দিকে চোখ রাঙাবেন না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না।’

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘চোখ রাঙাবেন না, জনগণ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না।’

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সাবধান, এখানেই স্টপ। সামনে আর পা বাড়াবেন না। কারো দিকে চোখ রাঙাবেন না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না।’

তিনি বলেন, ‘আপনারা হাজারবার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। কিন্তু আপনারা সেই পথেই পা বাড়াচ্ছেন।’

বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সাম্প্রতিক রংপুর সফর ও বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘আমি কাকে ভোট দেবো, কাকে দেবো না সেটা কি বিএনপি ঠিক করে দেবে?’

তিনি বলেন, জনগণের ট্যাক্সের অর্থে দেশের উন্নয়ন হয়। তাই কোনো এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই।

এর আগে, সোমবার সকালে সাঘাটায় পৌঁছে নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন ও কথা বলেন।

‎জনসমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ আকন্দ।

‎সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকনুজ্জামান রোকন ও সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

‎এছাড়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি ফাহিম মণ্ডল, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুর এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদাসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সমাবেশে গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

‎উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন জামায়াতকর্মী সালাউদ্দিন। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত ৯ আগস্ট তিনি মারা যান। এ দুই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়।