চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এন্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের ব্যাচেলর ভবনের সামনের মাঠে এ কর্মসূচি উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
অনুষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সরকার ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: রাব্বিক হাসান বলেন, আমাদের জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। পরিবেশের সাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, গাছ থেকে আমরা শুধু অক্সিজেনই পাই না; ফল, কাঠ ও ওষুধের মতো জীবন রক্ষাকারী উপাদানও পাই। গাছ ছাড়া মানবসভ্যতার বেঁচে থাকা অসম্ভব।
তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ বাড়ির উঠান, ছাদ ও পতিত জমিতে অন্তত একটি করে ফলের, কাঠের বা ওষধি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে কোম্পানির জিএম (কারখানা) সুমন কুমার সাহা, জিএম (অর্থ) মোহাম্মদ আব্দুছ ছাত্তার, জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, জিএম (ডিস্টিলারি) রাজিবুল হাসান, জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ফার্ম) সুমন কুমার সাহা, ডিজিএম (এসআই ও অ্যাগ্রো) দেলোয়ার হোসেন এবং ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশলী) আবু সাঈদ, ডিহি ফার্ম ইনচার্জ ইমদাদুল হক, বিভিন্ন সাবজোনের প্রধানগণসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



