মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার রেলসেতুর নিচের গাইড ওয়ালের পাশের ঝোঁপ থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত জুবায়ের কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে রেলসেতুর নিচের ঝোঁপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পান। পরে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ। বুধবার সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কমলগঞ্জে ফেরার পথে অন্যবন্ধুরা ট্রেনের ভেতরে গেলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে যায়। যাত্রাপথে কমলগঞ্জের লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সাথে আঘাত লেগে সে নিচে পড়ে যায়। এ সময় সেতুর গাইড ওয়ালে পড়ার কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।



