হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ গ্র্যাজুয়েট

‘নৈতিকতা, মূল্যবোধ ও মানবকল্যাণে শিক্ষার ভূমিকা অপরিসীম। জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। আধুনিক জ্ঞান ও ইসলামী ঐতিহ্যের সমন্বয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলবে।’ শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক রিসার্চ সেন্টার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সমাবর্তন অনষ্ঠানে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
সমাবর্তন অনষ্ঠানে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলাস্থ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র প্রথম সমাবর্তন জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ব্যাপক উপস্থিতি।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট এক হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একইসাথে কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সমাবর্তন বক্তৃতায় ধর্ম উপদেষ্টা বলেন, ‘স্টুডেন্ট পলিটিক্সের নামে দুর্বৃত্তায়ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীর প্যাকেট করা লাশ আর দেখতে চাই না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সফলতা যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। এখন সময় এসেছে আত্মসমালোচনার মাধ্যমে ভালো মানুষ হওয়ার।’

গ্র্যাজুয়েটদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা, মূল্যবোধ ও মানবকল্যাণে শিক্ষার ভূমিকা অপরিসীম। জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। আধুনিক জ্ঞান ও ইসলামী ঐতিহ্যের সমন্বয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলবে।’ শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক রিসার্চ সেন্টার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ কে আজাদ খান, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. মনজারুল আলম।

বক্তারা বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন শুধু শিক্ষার্থীদের সাফল্য উদযাপন নয়; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দক্ষ মানবসম্পদ গঠনে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে।

সমাবর্তন উপলক্ষে গ্র্যাজুয়েট ও তাদের স্বজনদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আনন্দ ও উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।