মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোট ১৪টি হাটের মধ্যে ১০টির ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি চারটি হাটের কোনো দরপত্র জমা না পড়ায় সেগুলোর জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার বাক্স খোলার পর এ সিদ্ধান্ত জানানো হয়।
পরে প্রতিটি হাটের জন্য জমা পড়া দরপত্রের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয় এবং তাদেরকে ইজারা প্রদান করা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য উপজেলার ১৪টি হাটের ইজারার উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে ১০টি হাটের জন্য দরপত্র জমা পড়েছে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন, যেসব হাটের জন্য কোনো দরপত্র জমা পড়েনি সেগুলোর জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইজারার সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১৪টি হাটের ইজারাদারকে নিয়ে সভা করা হবে। ওই সভায় হাট ও বাজার ব্যবস্থাপনা আইন, ২০০৩ অনুযায়ী বাজার পরিচালনা ও ব্যবস্থাপনাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
এ সময় সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হাটবাজার ইজারা কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।



