চাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: কবির হোসেন সরদার, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, এনসিপির জেলা আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেটে ২০২৬-২৭ অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি তিন কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪ কোটি ২০ লাখ টাকা।
মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি চার কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্ত সহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।



