নওগাঁর মান্দায় সাপের কামড়ে রানা হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের গোড়রা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রানা হাটে বিক্রির উদ্দেশ্যে কলার কাঁদি ব্যাটারিচালিত অটোভ্যানে তুলছিলেন। এ সময় কলার কাঁদিতে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ রানার হাতে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এসে সাপটিকে মেরে ফেলে এবং রানাকে মান্দা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় চেয়ারম্যান ও ব্যবসায়ী ইয়ারুর বলেন, শুরুতেই সাপের কামড়ের ভ্যাকসিন (এন্টিভেনম) দেয়া হলে হয়ত রানাকে বাঁচানো সম্ভব হতো। তাকে হাসপাতালে নিতেই অনেক সময় অতিবাহিত হয়েছে। বর্ষাকালে সাপের উপদ্রব বেশি হয় এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।



