বাগেরহাট প্রতিনিধি ও মোংলা সংবাদদাতা
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর–কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরো কমপক্ষে আহত হয়েছেন ১৫ জন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলা–খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাক তার ছেলেকে বিয়ে দিয়ে খুলনার কয়রা এলাকা থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক দিয়ে নেীবাহিনীর স্টাফবাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চারজন ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দশজন মারা যায়। এছাড়া আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সেখানে ভর্তি করা হয়েছে। এদিকে নৌবাহিনীর স্টাফবাসের কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে রয়েছে বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, চার নাতি, কনে ও তার এক স্বজনসহ ১২ জন ও মাইক্রোবাসের চালক রয়েছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের লাশ হাসপাতালে রয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। আহত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতালে নয়জনের লাশ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর তিনজন পুরুষ। আরো একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।
এদিকে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন ও পুলিশ মো: হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



