কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ওই এলাকার মোস্তফা ফিজার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন নাজমুল। এ সময় মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।



