বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন— এ কথা আর শুনতে চায় না বিএনপি।’
শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবদুল মঈন খান বলেন, ‘সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।’
এসময় তিনি ফ্যাসিসট আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকতে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করেন।
পরে বিএনপির পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ।



