মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী

দুপুর ২টার দিকে নিজ জমিতে সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রিনা বেগম। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন।

Location :

Madarganj
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীর চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আবু কাশেম বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল গারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিজ জমিতে সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রিনা বেগম। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। তার চিৎকার শুনে তার স্বামী আবু কাশেম এগিয়ে এসে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে পথেই রিনা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত আবু কাশেম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’