সিলেট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
সোমবার (১৬ মার্চ) সকালে নগরীর বন্দরবাজারে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে একটি প্রকৃত জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করব। জেলা পরিষদের মাধ্যমে যেন জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখা যায়, সে লক্ষ্যেই দায়িত্ব পালন করব।’
তিনি বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই। আশির দশক থেকে সিলেটে রাজনীতি করে আসছি। সিলেটের নেতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা কেউ বলতে পারবেন না যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। তাই জেলা পরিষদের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। এসব বিষয়ে আমি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করব।’
নবনিযুক্ত প্রশাসক আরো বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটিকে আমি একটি আমানত হিসেবে মনে করি। এই আমানতের রক্ষা করা এবং সরকারের সব কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার জন্য জেলা পরিষদের যে সামর্থ্য আছে, তা দিয়েই আমি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করব।’
আবুল কাহের চৌধুরী শামীম ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে সরব থেকে দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এর আগে, রোববার (১৫ মার্চ) সিলেটসহ দেশের ৪২ জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।



