পাবনার চাটমোহরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হল হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের বজলুর রশিদের ছেলে ইমন আলী (২১), পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মহেশ রুহালী চারালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামীম উদ্দিন (২১) ও হান্ডিয়াল ইউনিয়নের পাটিয়াতা গ্রামের ইমন আলীর ছেলে সাব্বির হোসেন (২৬)।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত আটকদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউর রহমান জানান, জেলা সুপারের নির্দেশে চাটমোহরকে মাদক ও জুয়া মুক্ত করতে পুলিশ নিয়মিত এ অভিযান পরিচালনা করছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।



