মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকার সচেষ্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘আমাদের মিশনগুলো সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
গণমাধ্যমের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
গণমাধ্যমের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম |নয়া দিগন্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সেখানে অবস্থানরত যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, আমরা তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। তবে সবাই কিন্তু ফেরত আসতে চাচ্ছে না। যারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সরকার সচেষ্ট রয়েছে।’

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ সংসদীয় এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি হচ্ছে এবং আমাদের সরকারেরও টপ প্রায়োরিটি হচ্ছে, সেখানে বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি। আমাদের মিশনগুলো সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসময় বলেন, ‘আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমাদের মিশনগুলো সেসব দেশে অবস্থানরত প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে তারা যেন নিরাপদে থাকে। তারা যেন তাদের কর্মস্থলে নিরাপদে থাকেন সে বিষয়ে মিশনগুলো সার্বক্ষণিক খবর রাখছে।’

ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে ফেরত আনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও আইএলওর সমন্বয়ে আমরা এসব প্রবাসীকে ফেরত আনতে পেরেছি। সেখানে অবস্থানরত বাংলাদেশী ভাইবোনদেরও সহযোগিতা ছিল তাদের ফেরত আনার ব্যাপারে। এবিষয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেষ্ট রয়েছে।’

তবে সবাই কিন্তু ফেরত আসতে চাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘তারা সেখানে বিভিন্ন চাকরি ও কাজে যুক্ত রয়েছেন। যারা ফেরত আসতে চাচ্ছে, সেটি নির্ভর করছে ওই সমস্ত দেশের যুদ্ধের অবস্থার ওপরে। এটি প্রেফার করছে, তারা ওই দেশে থেকে কাজটা কন্টিনিউ করতে পারবে কিনা তার ওপরে। তবে যাদের জীবনের ঝুঁকি আছে, তারা ফেরত আসতে চাচ্ছে। যারা ফেরত আসতে চাচ্ছে, তাদেরকে আমরা সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে যতগুলো ফ্লাইটই লাগুক আমরা তাদের ফেরত আনবো। এবং যারা ওখানে আছে, তারা যেনো নিরাপদে থাকেন, সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ নানা অপরাধে বিচারের মুখোমুখি হয়েছে এবং যাদের সাজা হয়েছে; সেইসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সবসময় সচেষ্ট আছে।’