হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত এআরবি ব্রিকস এবং কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় অবস্থিত এমএসবি সততা ব্রিকসের চিমনি ভেঙে দেয়া হয়।
এআরবি ব্রিকসের প্রোপ্রাইটর আছিয়া রহমান এবং এমএসবি সততা ব্রিকসের মালিক মো: ফারুক আলম তালুকদার বলে জানা গেছে।
অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুমেন পাল।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত। জেলা পুলিশের পক্ষে এসআই নাজমুল ইসলাম এবং আনসার সদস্য নায়েক মো: কাসেম অভিযানে সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে নির্দেশনার আওতাধীন ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৬টি বৈধ এবং ১০৯টি অবৈধ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।



