ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৫ কারবারিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যার পর উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নম্বর ওয়ার্ডের মেলকার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. মনির, রবিউল (পিতা: হারুন মেলকার), মো. আল-আমিন (পিতা: রবিন মেলকার), মো. হাসান (পিতা: আলমগীর) ও মো. রাকিব (পিতা: নূর ইসলাম)।
পুলিশ সূত্রে জানা গেছে, বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নম্বর ওয়ার্ডের মেলকার বাড়ির সামনে কতিপয় মাদক কারবারি মাদক কেনাবেচা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই ৫ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হবে।



