কুমিল্লার চান্দিনায় হত্যা মামলার দায় নিয়ে নয় বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সোলেমান মিয়া নামে এক ব্যক্তি। দাড়ি-গোঁফ রেখে চেহারায় পরিবর্তন ঘটিয়েও শেষ রক্ষা হয়নি তার।
সোমবার (২৭ এপ্রিল) সকালে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন অভিযান চালিয়ে উপজেলার মাইজখার গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার সোলেমান মিয়া ওই গ্রামের মরহুম ফজর আলীর ছেলে। তিনি মাইজখার গ্রামের যুবক মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
জানা যায়, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বাবা ফজলু মিয়া নয়জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ওই হত্যাকাণ্ডের পর সোলেমান মিয়া আত্মগোপনে চলে যান। দীর্ঘ নয় বছর পলাতক থেকে পাকা গোঁফ ও দাড়ি রেখে নিজের চেহারায় পরিবর্তন ঘটান। এরপর কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সোলেমান মিয়া দীর্ঘ নয় বছর পলাতক থাকায় চেহারায় কিছুটা বয়স্কের ছাপ পড়েছে। পাকা গোঁফ ও দাড়ি থাকায় হঠাৎ তার চেহারা দেখে চেনার উপায় ছিল না স্থানীয়দের। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি।



