বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
আফ্রিকার মোজাম্বিকে বাংলাদেশী দূতাবাস চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বাঁশখালীর মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘মোজাম্বিকে অসংখ্য বাংলাদেশীরা থাকলেও সেখানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে হলেও মোজাম্বিকে বাংলাদেশী দূতাবাস চালু করার দাবি জানাবো। এব্যাপারে আমি মহান জাতীয় সংসদেও দাবি উত্থাপন করবো।’
তিনি আরো বলেন, ‘প্রবাসীরা অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। দেশের দুঃসময়ে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশে ফেরার পর প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। বাঁশখালী এলাকায় প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। প্রবাসী ও প্রবাসীদের পরিবারকে হয়রানি করে কেউ রেহাই পাবে না। কারা আমাকে ভোট দিয়েছে এবং দেয়নি তা বিবেচনা না করে সকলের হয়ে আমি কাজ করতে চাই।’
ফাউন্ডেশনের সভাপতি মাঈন উদ্দীন লক্ষীর সভাপতিত্বে এবং কাজী শাহরিয়ারের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ, মো: মহসিন প্রমুখ।



