বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ‘ইসলামী সমাজ বিপ্লবের জন্য জ্ঞানের রাজ্যে বিপ্লব ঘটাতে হবে, যুবসমাজকে এগিয়ে আসতে হবে এবং গণভোটের রায় ও জুলাই বিপ্লব (সনদ) বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধ হতেই হবে।’
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর সদর উপজেলা পদপ্রার্থী মাওলানা মুজিবুর রহমান।
দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি মো: কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোজাম্মেল হক বকুল, মো: সোহেল রানা, শহর শাখার কর্মপরিষদ সদস্য মো: সিরাজুল ইসলাম, মোল্লা তোয়াব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপন, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মিলন মিয়া।
কর্মী সম্মেলনে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের আমির, সভাপতি, সেক্রেটারি এবং কর্মীরা অংশগ্রহণ করেন।



