আনোয়ারায় সড়ক উন্নয়নে সওজের উচ্ছেদ অভিযান শুরু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সড়ক উন্নয়ন প্রকল্পে গতি আনতে চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন অ্যাকাডেমি) সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় সড়ক উন্নয়নে সওজের উচ্ছেদ অভিযান শুরু
আনোয়ারায় সড়ক উন্নয়নে সওজের উচ্ছেদ অভিযান শুরু |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সড়ক উন্নয়ন প্রকল্পে গতি আনতে চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন অ্যাকাডেমি) সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে সওজের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরীর নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। বাজার এলাকার দুই পাশ জুড়ে গড়ে ওঠা অস্থায়ী দোকান, বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হয়।

সওজ জানায়, চাতরী চৌমুহনী বাজার থেকে মেরিন অ্যাকাডেমি পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই এই উচ্ছেদ কার্যক্রম চলছে। ৭৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে বাজারের জলাবদ্ধতা নিরসনে ১২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি একাধিক ক্রস ড্রেন স্থাপনের কাজও প্রক্রিয়াধীন।

অভিযান চলাকালে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, ‘সড়ক উন্নয়ন কাজ গতিশীল করতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মুহাম্মদ আজিজুল মোস্তফাসহ সওজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।