রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত দুই মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছেছে। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪২ শিশু। আর মারা গেছে ৫৫ শিশু।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শঙ্কর কুমার বিশ্বাস এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
ডা: শঙ্কর কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ শিশু ভর্তি হয়েছে। এর আগের দিন ৯৯০ শিশু ভর্তি হয়েছিল। গত ২৪ ঘণ্টায় আরো ১০ শিশু ভর্তি হওয়ায় এ সংখ্যা মোট এক হাজার পূর্ণ হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে এখন ১০৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। এ হাসপাতালে হাম উপসর্গে সর্বশেষ ৬ মে এক শিশু মারা যায়। এরপর আর কোনো শিশু মারা যায়নি।
তিনি আরো বলেন, হাম উপসর্গে মৃত্যু কমে আসলেও হাসপাতালে ভর্তি কমছে না। প্রতিদিন হাম উপসর্গে রোগী আসছে। ডাক্তাররা চিকিৎসা দেয়ার সাধ্যমত চেষ্টা করছেন, ফলে মৃত্যু কমে এসেছে। আশা করা যায় রোগী ভর্তিও কমে আসবে।



