সোনাতলায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা গ্রহণ

বোর্ডের নির্দেশনা অনুযায়ী ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ‘১ নম্বর সেটে’ নেয়ার কথা কিন্তু ভুলবশত ‘৩ নম্বর সেটে’ পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি ইউএনও ও রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

Location :

Sonatala
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলা সরকারি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে এসএসসি ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোনাতলা সরকারি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্র বিতরণ করা হয়।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ৬৯৮ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চিন্তায় পড়ে যায় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ওই কেন্দ্রের সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শাহাদুজ্জামান জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ‘১ নম্বর সেটে’ নেয়ার কথা কিন্তু ভুলবশত ‘৩ নম্বর সেটে’ পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি ইউএনও ও রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

ইউএনও স্বীকৃতি প্রামানিক জানান, বিষয়টি অবগত হওয়ার পর বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা বলেছে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। যে প্রশ্নে পরীক্ষা হয়েছে, ওই প্রশ্নেই খাতা মুল্যায়ন করা হবে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুর রহমান জানান, শিক্ষার্থীরা যে সেটে পরীক্ষা দিয়েছে, সেই সেট অনুযায়ীই তাদের খাতা মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।